ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র বানানোর পরিকল্পনা নিয়েছে সরকার: পর্যটনমন্ত্রী

সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র বানানোর পরিকল্পনা নিয়েছে সরকার: পর্যটনমন্ত্রী
×

পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৪:৩৫

সরকার সিলেটকে আন্তর্জাতিকমানের পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ লক্ষ্যে সিলেটের পর্যটন খাত ও বিমানবন্দর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে আয়োজিত তিন দিনব্যাপী হারমনি ফেস্টিভাল সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘ট্যুরিজম উন্নয়নে একটি বৃহৎ পরিকল্পনা আমরা গ্রহণ করছি, যার অন্যতম অগ্রাধিকার সিলেট। আমরা চাই সিলেটকে আন্তর্জাতিকমানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে। পর্যটন অবকাঠামো, বিমানবন্দর এবং সংশ্লিষ্ট সকল সুযোগ-সুবিধা আন্তর্জাতিকমানে উন্নীত করতে কাজ করা হবে।’

পর্যটনমন্ত্রী আরও বলেন, সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করার কাজ অচিরেই শুরু হবে। পাশাপাশি এ অঞ্চলের অন্য বিমানবন্দরগুলোর উন্নয়ন ও কার্যকর ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আফরোজা খানম রিতা বলেন, ‘হারমনি ফেস্টিভাল’ কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি সম্প্রীতি, সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের অনন্য মিলনমেলা। এবারের উৎসবে ২৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি অনন্য উপস্থাপনা।

মন্ত্রী জানান, সরকার কমিউনিটিবেইজড ট্যুরিজম, এথনিক ট্যুরিজম এবং টেকসই পর্যটন বিকাশে গুরুত্ব দিচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটনের সম্পদে রূপান্তরের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী করারও উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।

আরও পড়ুন

×