নাসিরনগরে পুকুরের জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ৫৫
ছবি: সমকাল
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৩৩
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে নাজিমুদ্দিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর বাজারের পাশে নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন বুড়িশ্বর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুড়িশ্বর গ্রামের নয়াবাড়ির ফজলু হক এবং ডায়লা বাড়ির আব্দুল আওয়ালের মধ্যে একটি পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত মাসে আব্দুল আওয়ালের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে একটি মামলাও করা হয়।
গতকাল সকালে ফজলু হকের লোকজন দাবি করেন, ওই পুকুরে তাদের স্বত্ব রয়েছে। এর জেরে জুমার নামাজের পর পুকুরপাড়ে যান ফজলু হকের লোকজন। এ সময় আব্দুল আওয়ালের লোকজনও পুকুরপাড়ে যান। দুই পক্ষই জড়ো হলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে মাথায় টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নাজিমুদ্দিন। স্বজনরা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ২৮ জনের নাম জানা গেছে। তারা হলেন—রহিছ মিয়া, তাউস মিয়া, কালন মিয়া, আমিন মিয়া, কাদির মোল্লা, আব্দুল আওয়াল, শাহেদ মিয়া, ইলিয়াস মিয়া, মহিউদ্দিন, লাউস মিয়া, জরিনা বেগম, হালিমা খাতুন, কালন মিয়া, শামীম মিয়া, আক্কাস মিয়া, ধলাই মিয়া, রেদুয়ান মিয়া, লিটন মিয়া, খালেক মিয়া, আব্দুল আজিম, মো. শেখর, ডালিম মিয়া, জামাল মিয়া, মোশারফ মিয়া, সায়েদুর মিয়া, ফরিদ মিয়া, শহিদ মিয়া ও মিন্টু মিয়া।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আজ সকালে উত্তেজনা তৈরি হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে একজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজন নিহত হওয়ায় পরিবেশ থমথমে। আমরা বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।
পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
- বিষয় :
- সংঘর্ষ
- ব্রাহ্মণবাড়িয়া