ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬, আটক ১

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬, আটক ১
×

ছবি: সমকাল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:০৯

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই উড়ে যায় একটি বাড়ির টিনের চালের অংশ। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে স্থানীয় ব্যক্তিরা জানতে পারেন, একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় ঘটেছে বিস্ফোরণ। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ইতালিপ্রবাসী রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। বোমা তৈরির একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির টিনের চালের অংশ উড়ে যায় বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।

এ সময় সেখানে অবস্থানরত অন্তত ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকনের নাম জানা গেছে। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, বিস্ফোরণের পর আহত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে তাদের অনেকের অবস্থান ও চিকিৎসার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজী নামের একজনকে আটক করে। তিনি একই এলাকার মফিজ গাজীর ছেলে বলে জানা গেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×