ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির

রাশিয়ার সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির
×

ছবি: এএফপি। কোলাজ: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৫২ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৫২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতদের মস্কো ও কিয়েভ সফরকে সামনে রেখে রাশিয়ার সাথে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ যথাক্রমে শনিবার মস্কো এবং রোববার কিয়েভ সফর করার কথা রয়েছে। 

শান্তি আলোচনার পরিবেশ সৃষ্টি ও দূতদের নিরাপদ যাতায়াতের স্বার্থে এই কূটনৈতিক সফরের সময় উভয় পক্ষকে বিমান হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এক বার্তায় ট্রাম্পের দূতদের এই সফরের কথা নিশ্চিত করে জেলেনস্কি জানান, ইউক্রেনীয় কূটনীতিকরা মার্কিন প্রতিনিধিদের সফরের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তাদের নিরাপদ গমনাগমন নিশ্চিতে সংশ্লিষ্ট আকাশসীমা স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়েছে। 

যুদ্ধবিরতির রূপরেখা তুলে ধরে তিনি বলেন, এই বৈঠক ও লজিস্টিক কার্যক্রম নির্বিঘ্ন করতে ইউক্রেনের পক্ষ থেকে কোনো বিমান হামলা চালানো হবে না। একইভাবে রাশিয়াকেও বিমান হামলা বন্ধ রেখে নীরবতা পালনের মাধ্যমে এর প্রতিফলন ঘটাতে হবে। 

সাড়ে চার বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেন ‘বাস্তব বিকল্প’ চায় উল্লেখ করে জেলেনস্কি বলেন, তার দেশ রাশিয়াকে নিয়ে নয়, বরং ট্রাম্পের দূতদের নিয়ে ভাবছে। মস্কো তাদের কী জবাব দেয় ও দূতেরা কী প্রস্তাব নিয়ে আসেন, তা দেখার অপেক্ষায় রয়েছে কিয়েভ।

তবে জেলেনস্কির প্রস্তাবের প্রতিক্রিয়ায় এখনও কোনো বার্তা দেয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সরকার। 

জেলেনস্কির এই যুদ্ধবিরতির প্রস্তাবটি এমন এক দিনে এলো, যেদিন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে ভরদুপুরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, মূলত গোয়েন্দা প্রধানের কার্যালয়কে লক্ষ্য করেই ওই হামলাটি চালানো হয়েছিল। সাম্প্রতিক দিনগুলোতে কিয়েভসহ বিভিন্ন শহরে বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর রাশিয়ার দিনের বেলার বিমান হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 

কিয়েভে হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে ওদেসা অঞ্চলে রাশিয়ার রাতভর বিমান হামলায় একজন নিহত এবং এক শিশুসহ অন্তত পাঁচজন আহত হন। এছাড়া নিপ্রো শহরে পৃথক এক হামলায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। সংঘাতের এমন তীব্রতার মধ্যেই যুদ্ধবিরতি ও দীর্ঘস্থায়ী নিষ্পত্তির লক্ষ্যে ইউক্রেনের রাজধানীতে ট্রাম্পের শীর্ষ দূতদের এই প্রথম আনুষ্ঠানিক সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন

×