ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

স্কুলছাত্রী ধর্ষণ মামলার অভিযুক্ত গাজীপুরে গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণ মামলার অভিযুক্ত গাজীপুরে গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৮:৫৯ | আপডেট: ২০ জুন ২০২৬ | ১৯:০০

হবিগঞ্জের মাধবপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. তাওহিদ ওরফে তাহারুল ইসলামকে (২২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, মামলার অভিযোগে বলা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ ও র‍্যাব-১-এর একটি যৌথ দল গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আসামি মো. তাওহিদ ওরফে তাহারুল ইসলামকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×