শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা
মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড
আবু তাহের
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৭:৫৬ | আপডেট: ২২ জুন ২০২৬ | ১৭:৫৯
ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় আবু তাহের নাকে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। এ ছাড়া লাশ গুমের চেষ্টার অপরাধে তাঁকে আরও ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনার ১১৬ দিন ও অভিযোগ গঠনের ৭ দিনের মধ্যেই এ রায় দেন আদালত।
আজ সোমবার ঝিনাইদহ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু তাহের কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের শফি উদ্দীনের ছেলে।
ধর্ষণ ও হত্যার শিকার শিশুর বাবা জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে কালীগঞ্জ বারবাজারের বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। তার মা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করেন। মা-বাবা বাড়িতে না থাকায় গত ২৬ ফেব্রুয়ারি শিশুকে ধর্ষণ করে আবু তাহের। পরে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের উদ্দেশে পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে আসামি। এ ঘটনার পরদিনই পুলিশ আসামি আবু তাহেরকে কুষ্টিয়া শহরে তার ভাইয়ের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, গত ২৬ মে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ১৬ জুন মামলার অভিযোগ গঠন করা হয়। ১৭ জুন সাক্ষ্যগ্রহণ এবং ২১ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২২ জুন রায় ঘোষণা করেছেন আদালত।
- বিষয় :
- ঝিনাইদহ
- ধর্ষণ
- হত্যা
- মৃত্যুদণ্ড
