তাৎক্ষণিক কর্মসংস্থান ৩২০ তরুণের
জয়পুরহাটের মাদ্রাসাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা এহেড সোশ্যাল অর্গানাইজেশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে তরুণদের কর্মসংস্থান মেলার আয়োজন সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৭:৪০
| প্রিন্ট সংস্করণ
তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা। মেলায় অংশ নেওয়া এক হাজার ৬শর বেশি চাকরিপ্রার্থীর মধ্যে ৩২০ তরুণ-তরুণী প্রাথমিক বাছাই ও সরাসরি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ পেয়েছেন।
গতকাল মঙ্গলবার জয়পুরহাটের মাদ্রাসাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা এহেড সোশ্যাল অর্গানাইজেশনের (এসো) প্রধান কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই মেলার আয়োজন করা হয়।
বিশ্বব্যাংক এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ অর্থায়নে এবং এসোর সহযোগিতায় ‘রেইজ’ প্রকল্পের আওতায় এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বেসরকারি খাতের ২১টি স্বনামধন্য জাতীয় ও স্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়। আইটি সাপোর্ট, ওয়েল্ডিং, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন, মোটরসাইকেল সার্ভিসিংসহ বিভিন্ন পদের জন্য বিপুলসংখ্যক জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়ে। সেখান থেকে যোগ্য প্রার্থীদের স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
এসোর নির্বাহী পরিচালক মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার ফারুক হোসাইন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবীর এবং বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ। স্বাগত বক্তব্য দেন এসোর উপনির্বাহী পরিচালক আতাউর রহমান। বক্তারা বলেন, এই মেলা নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের মধ্যে একটি সরাসরি সেতু তৈরি করেছে।
মেলায় এসে তাৎক্ষণিক চাকরি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়পুরহাট পৌর শহরের বাসিন্দা শিউলি বেগম বলেন, অর্থনৈতিকভাবে খুবই সংকটে ছিলেন। এভাবে চাকরি পাবেন, ভাবতেই পারেননি।
- বিষয় :
- কর্মসংস্থান