ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

খেলার সময় লোডশেডিং লাইনম্যানকে মারধর

খেলার সময় লোডশেডিং লাইনম্যানকে মারধর
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৭:৩৪

| প্রিন্ট সংস্করণ

চাঁদপুরের ফরিদগঞ্জে বিশ্বকাপ খেলা চলাকালে লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের ক্ষোভে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে সাব-স্টেশন থেকে তুলে নিয়ে মারধর করা হয়েছে। এ সময় তাঁর থেকে সাড়ে ২৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি এরশাদ উল্লাহ। মামলার বাদী বিদ্যুতের লাইনম্যান আবদুল কাদের।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে ১০-১২ জন ব্যক্তি ফরিদগঞ্জ সাব-স্টেশনে ঢুকে লাইনম্যান আব্দুল কাদেরকে ধরে উত্তর ধানুয়া গ্রামে নিয়ে মারধর করে। তাঁর কাছে থাকা ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে মোবাইল ফোন ভেঙে ফেলে। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মামলায় ধানুয়া গ্রামের জাফর মিজি, ফারুক পাটোয়ারী ও জসিমসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। 

স্থানীয়দের দাবি, এলাকায় তীব্র লোডশেডিং চলছে। পাশাপাশি বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বেশি আসছে। এসব বিষয়ে বারবার অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় ক্ষুব্ধ জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ছাড়া গত সোমবার রাতে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার খেলার সময় অনেক এলাকায় বিদ্যুৎ চলে যায়। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠেন আর্জেন্টিনা সমর্থকের একটি অংশ।
পল্লী বিদ্যুতের ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল আলম 
বলেন, উপকেন্দ্রের ভেতরে থাকা যন্ত্রপাতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে অনুমোতি ছাড়া প্রবেশ বা হস্তক্ষেপ করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দায়িত্ব পালনরত কর্মীর ওপর হামলা ও মারধর গুরুতর অপরাধ। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে।
 

আরও পড়ুন

×