ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

ফরিদপুরে পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা অনুষ্ঠিত
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২২:৩৯

সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে ‘পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় ফরিদপুর অঞ্চলে পাটবীজ বিক্রয় বাড়াতে এর আয়োজন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির যুগ্ম সচিব এবং বীজ ও উদ্যান উইংয়ের সদস্য পরিচালক মো. মজিবুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীজ প্রক্রিয়াজাতকরণ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোসাব্বের হোসেন, পাটবীজ বিভাগের মহাব্যবস্থাপক দেবদাস সাহা, বীজ উৎপাদনে উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবির, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়াসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জেলার পাটচাষি ও পাটবীজ ডিলাররা। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর বিএডিসি বীজ বিভাগের উপপরিচালক মো. কামরুল হক।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক বাংলাদেশে উৎপাদিত ‘জেআরও-৫২৪’ জাতের পাট বপনের পরামর্শ দেন বক্তারা। তারা বলেন, বিএডিসির এই মানসম্মত বীজ ভর্তুকি মূল্যে প্রতি কেজি মাত্র ১২০ টাকায় কিনতে পাওয়া যায়। এতে কৃষকদের উৎপাদন খরচ অনেক কমে যাবে; তা ছাড়া এই বীজের গজানোর সক্ষমতা ৯০ শতাংশের বেশি এবং গুণগত মানেও অত্যন্ত ভালো। 

বক্তারা আরও বলেন, ভারত থেকে বীজ আমদানির প্রবণতা কমিয়ে দেশীয় বীজ উৎপাদনে বিশেষ লক্ষ্য নির্ধারণ করেছে বিএডিসি। আর এ জন্য ‘মাদার সিড’ (মাতৃবীজ)-এর মাধ্যমে উৎপাদন বাড়িয়ে আগামী ২০২৯-৩০ সালের মধ্যে দেশে পাটবীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা হবে। এর ফলে প্রতিবছর সরকারের প্রায় ৮০ থেকে ১০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

আলোচনা সভা শেষে বিএডিসির কর্মকর্তাবৃন্দ, চাষি এবং ডিলাররা সরাসরি ‘জেআরও-৫২৪’ জাতের পাটবীজ ক্ষেত পরিদর্শন করেন।

আরও পড়ুন

×