এসি সোহেলকে কারাগারে পাঠালেন আদালত
সিলেট ব্যুরো
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৭:৪৩
প্রতারণা, যৌতুক ও অর্থ আত্মসাতের মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম-১৫ নং আদালতের বিচারক নাজনীন আক্তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী মুসলেহ উদ্দিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। সোহেল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের মো. হাবিব উল্লার ছেলে।
এদিকে এসি সোহেল আহমদকে কোতোয়ালি থানা থেকে এসএমপি হেডকোয়ার্টারে সংযুক্তের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এসএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার মনজুরুল আলম জানিয়েছেন, আইনী প্রক্রিয়া শেষে কর্মে যোগদান করলে তিনি কোতোয়ালি থানায় দায়িত্ব পালন করবেন না। তাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
২০১৯ সালে বগুড়ার গাবতলী উপজেলার হামিদপুরের (মণ্ডলবাড়ি) জাহাঙ্গীর আলমের মেয়ে রিফাত জাহান স্নিগ্ধার সঙ্গে পরিচয় হয় সোহেলের। প্রথম বিয়ের বিষয়টি গোপন করে ২০২২ সালের ৩০ এপ্রিল স্নিগ্ধাকে বিয়ে করেন সোহেল। বিয়ের কিছু দিন পরে স্নিগ্ধা জানতে পারেন সোহেলের প্রথম বিয়ের বিষয়টি। এ নিয়ে উভয়ের মধ্যে কলহ সৃষ্টি হয়। ওই বছর যৌতুক দাবি, নির্যাতন, প্রতারণাসহ নানা অভিযোগে স্নিগ্ধা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করেন। এর একটি মামলায় গত ৯ জুন সোহেল উদ্দিনের উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় বুধবার জামিন চাইলে তা নামঞ্জুর করেন আদালত।
- বিষয় :
- পুলিশ কমিশনার
- সিলেট
- কারাগার
- আদালত