ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

জাহাজভাঙা শিল্পে সন্ত্রাসীদের দৌরাত্ম্য

জাহাজভাঙা শিল্পে সন্ত্রাসীদের দৌরাত্ম্য
×

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৭:৫৪

| প্রিন্ট সংস্করণ

দেশের একমাত্র জাহাজভাঙা শিল্পকে ঘিরে হঠাৎ বেশ কিছু চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। আশির দশকের দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে গড়ে ওঠা এ শিল্পে সম্প্রতি সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র একে একে উপজেলার ৭টি শিপইয়ার্ডে হানা দিয়ে জিম্মি করার চেষ্টা করেছে মালিকদের। অভিযোগ রয়েছে গাড়িতে হামলা, রাস্তা বন্ধ করে ইয়ার্ডের মালামাল লুট, পণ্যবহনে বাধা দিয়ে ৭ ইয়ার্ডে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে সন্ত্রাসীরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট মালিকরা বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনে (বিএসবিআরএ) অভিযোগ দিলে তারা জরুরি বৈঠক করে আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। বিএসবিআরএ সূত্র জানায়, দেশের একমাত্র শিপব্রেকিং শিল্প ঘিরে সম্প্রতি চাঁদাবাজি আশঙ্কাজনক হারে বেড়েছে। 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, একাধিক ইয়ার্ডে লুটপাট হয়। ওই সময়ে সব মালামাল ট্রাক ভরে নিয়ে গেছে লুটেরারা। ইয়ার্ডগুলো বর্তমানে পরিত্যক্ত রয়েছে। ওই সব ইয়ার্ডের ভবনের দরজা-জানালাও কেটে নিয়েছে তারা। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে ৭টি শিপইয়ার্ডে হানা দিয়েছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। এসব শিপইয়ার্ড হলো– বিওবি শিপ রিসাইক্লার্স, বারাকা শিপব্রেকিং, সাগরিকা শিপব্রেকিং, জনতা শিপব্রেকিং, ফোর স্টার, মেহেরুন শিপব্রেকিং এবং টি.আর শিপব্রেকিং ইয়ার্ড। এসব ইয়ার্ডগুলোর অধিকাংশই উপজেলার সোনাইছড়ি ও কুমিরা ইউনিয়নের উপকূলীয় এলাকায় অবস্থিত।
অভিযোগের বিষয়ে জানা গেছে, সম্প্রতি একটি চাঁদাবাজ চক্র সীতাকুণ্ডের বার আউলিয়ায় অবস্থিত বিওবি শিপ রিসাইক্লার্সের মালিক, কর্মকর্তা, কর্মচারীদের রাস্তায় জিম্মি করে গাড়িতে হামলা করে, কর্মকর্তাদের মারধর ও তাদের কাছে চাঁদা দাবি করে। আরেকটি চক্র সাগরিকা ও বারাকা শিপইয়ার্ডে যাতায়াতের রাস্তায় টিনের ঘেরা দিয়ে চলাচলের পথ বন্ধ করে চাঁদা দাবি করে। একইভাবে জনতা, ফোর স্টার এবং মেহেরুন শিপব্রেকিং এ যাতায়াতের রাস্তায় মালামালের গাড়ি আটকে চাঁদা দাবি করে অন্য একটি চক্র। আবার টি.আর শিপব্রেকিং নামক একটি ইয়ার্ডে শতাধিক দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মালামাল লুট, কর্মকর্তাদের অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে ইয়ার্ড দখলের ঘটনাও ঘটে। এভাবে পরপর এতগুলো শিপইয়ার্ডে চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের ঘটনায় শিপ ব্রেকার্সদের সংগঠন বিএসবিআরএ খুবই উদ্বিগ্ন।
গত ২৩ জুন সীতাকুণ্ডের বানুরবাজারে সংগঠনটির অফিস কক্ষে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসবিআরএর নবনিযুক্ত প্রশাসক, উপসচিব আবু সাফায়েত মুহাম্মদ শাহে দুল ইসলাম। সভায় জাহাজ ভাঙা শিল্পে এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সিদ্ধান্ত হয় যে প্রশাসকের নেতৃত্বে বিএসবিআরএর নেতাদের একটি প্রতিনিধি দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাবেন। 
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মাহিনুল ইসলামের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠালে এবং কল করলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন

×