ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

লালমোহনে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

লালমোহনে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
×

ছবি- সংগৃহীত

লালমোহন (ভোলা) প্রতিনিধি 

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৬:৪১

ভোলার লালমোহন উপজেলায় বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. নয়ন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শনিরবোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন পৌরসভার বাসিন্দা মো. আলী জিন্নাহর ছেলে আরমান এবং আবুল কালাম আজাদের ছেলে আশরাফ। তারা দুজনই নয়নের সহপাঠী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত নয়ন ও তার সঙ্গীদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে নয়ন ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা লালমোহন থানার সামনে বিক্ষোভ করেন। এ সময় প্রায় ৩০ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত দুজনকে বরিশালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন

×