ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

পদত্যাগের ঘোষণা মানিকগঞ্জের এনসিপি নেতার

পদত্যাগের ঘোষণা মানিকগঞ্জের এনসিপি নেতার
×

অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৮:৪৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার।

বুধবার রাতে ফেসবুক লাইভে এসে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক প্রধান সমন্বয়কারী ছিলেন তিনি।

জাহিদুর রহমান তালুকদার বলেন, এনসিপির কর্মপরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে আমি হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারিনি, অথবা এনসিপিও আমার সঙ্গে এডাপ্টেবল নয়।

তিনি বলেন, তিনি একজন রাজনৈতিকভাবে সচেতন মানুষ এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এই মুহূর্তে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো দলকে সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য উপযুক্ত মনে হয়, তাহলে সে দলে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

জাহিদুর রহমান সমকালকে বলেন, দলের বর্তমান আদর্শের সঙ্গে মতের মিল না থাকায় তিনি ফেসবুক লাইভে এসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে এনসিপি কেন্দ্রীয় কমিটির কাছে কোনো লিখিত পদত্যাগের কাগজ পাঠাননি ও কেন্দ্রীয় কমিটির কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি।

তিনি আরও বলেন, লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো কারণ নেই। যে দল করব না বলে সিদ্ধান্ত নিয়েছি, সে দলের কাছে পদত্যাগ জমা দিলেই কী না দিলেই কী।

২০২৫ সালের ১৩ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলায় ২৭ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করে। ওই কমিটিতে অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

একই বছরের ৩ ডিসেম্বর ওই কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-৩ আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়। তবে ১১ দলীয় জোটের কারণে তিনি নির্বাচন করেননি। এনসিপিতে যোগদানের আগে তিনি ছাত্রদল ও যুবদলের সঙ্গে রাজনীতি করেছেন।

আরও পড়ুন

×