ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

চীন বাংলাদেশ থেকে অনেক দক্ষ শ্রমিক নিতে চায়: পর্যটন প্রতিমন্ত্রী

চীন বাংলাদেশ থেকে অনেক দক্ষ শ্রমিক নিতে চায়: পর্যটন প্রতিমন্ত্রী
×

দেওয়ানগঞ্জে আলোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৯:২৪ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ২০:২০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, এ বছরের শেষের দিকে চীন বাংলাদেশ থেকে অনেক দক্ষ শ্রমিক নিতে চায়। পাশাপাশি কুয়েতেও লোকবল পাঠানো হবে। এক্ষেত্রে কোনো প্রকার সিন্ডিকেটের দ্বারস্থ হতে হবে না। পাঁচ লাখ টাকার পরিবর্তে ওই দেশগুলোতে যেতে মাত্র এক থেকে দেড় লাখ টাকা খরচ হবে।’ জামালপুরের দেওয়ানগঞ্জে শুক্রবার এক আলোচনায় তিনি এ কথা বলেন।

উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় তিনি বলেন, দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদেরও কাজ করতে হবে। নারী-পুরুষের যৌথ শ্রমে চীন আজ অনেক দূর এগিয়ে গেছে। চীনের মেয়েরা পুরুষদের পাশাপাশি দিনরাত কাজ করছেন। এটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত। সেই চীন বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করতে চায়।

আলোচনা সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জরুল হোসেন। অনুষ্ঠানের শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় প্রথম পর্যায়ে ১২০ জন সুফলভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, এই প্রকল্পের আওতায় উপজেলার মোট ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পর্যায়ক্রমে ৭৭০ জন সুফলভোগীর মাঝে ১ হাজার ৫৪০টি ছাগল বিতরণ করা হবে। এছাড়া অনুদানের চেক, বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ​শাহ জামান খান তুহিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা​ মো. সানোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ​কৃষিবিদ মনিবুর রহমান মনির, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতিবাবু শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক ​আব্দুর রশিদ সাদা, সুফলভোগী​ মল্লিকা আক্তার।


 

আরও পড়ুন

×