সমাজ থেকে মাদকদ্রব্যের ব্যবহার একেবারে নির্মূল করতে হবে: শফিকুর রহমান
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ২১:৫৪
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংসদে একটি বিল এনেছে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয়, সমাজ থেকে মাদকদ্রব্যের ব্যবহার একেবারে নির্মূলের জোর দাবি জানাচ্ছি। মাদক লালন করে সমাজকে নষ্ট করা হচ্ছে। শুক্রবার নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, এ দেশকে আমাদের রক্ষা করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস নয়। দেশের এক ইঞ্চি জায়গায় কাউকে পা রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা সবাই দেশপ্রেম নিয়ে বিজিবির পাশে দাঁড়িয়ে যাব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা জামায়েতে ইসলামীর আমির মাওলানা সাদেক আহমাদ হারিছ এবং সঞ্চালনা করেন সহকারী জেলা সেক্রেটারি এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম।
পরে নেত্রকোনা পাবলিক হলে ডা. শফিকুর রহমান জেলা জামায়েতের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, দলের নেত্রকোনা জেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
- বিষয় :
- জামায়াতের আমির
- মাদক
