মাদক ব্যবসা ছাড়ুন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী
ছবি: সমকাল/আতোয়ার রহমান মনির
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৩:৫৮
মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘মাদক ব্যবসা না ছাড়লে, গর্তে পড়লে তাকে উদ্ধার করার কেউ থাকবে না।’
গতকাল শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সময় বিগত ১৭ বছর ধরে যে মাদকের বিস্তার ঘটেছিল, তা নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। সেই মাদক কারবার যদি এখন বিএনপির কেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবে তার রক্ষা নেই। মাদকের ব্যবসা করে কিছু প্রভাবশালী লোক; এরা সাময়িক প্রভাবশালী। তারা যদি নিজেদের মনে করে বহুকিছু হয়ে গেছে, এটা ভুল। এগুলো ছেড়ে দাও। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায়, সেখান থেকে উদ্ধার করার কোনো লোক থাকবে না।’
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ সদস্যরা কাজ করবেন। তাঁদের কাজে বাধা দেওয়ার সুযোগ নেই। থানার ওসিদের বলা আছে, মাদকের বিষয়ে কোনো সুপারিশ শুনবেন না। আমার বা আপনার তদবির করার সুযোগ থাকবে না। প্রশাসনের কাজ প্রশাসনের গতিতে চলবে, রাজনীতির কাজ রাজনীতির গতিতে চলবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা শান্তিপূর্ণভাবে থাকার জন্য, চলার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি। এখন যদি শান্তি না হয়, আর কবে শান্তি হবে?’
তিনি আরও বলেন, নারী উন্নয়নে নারীবান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে। দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনায় সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছে। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা। আর এভাবেই বিএনপি পরিবারের উন্নয়নের জন্য নতুন নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে।
মন্ত্রী বলেন, সরকারের এই সহযোগিতার কারণ হচ্ছে—একজন মা যদি এই সহযোগিতা পান, তিনি যদি সচেতন থাকেন, তিনি যদি তাঁর পরিবারকে সামলাতে পারেন এবং সরকারের এই সহযোগিতার কারণে যদি তাঁর ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারেন, তবে পুরো জাতি শিক্ষিত হবে। তাহলে এই টাকাটাও একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। এই টাকাটাও আমরা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছি।
এ সময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
- বিষয় :
- লক্ষীপুর
- পানিসম্পদমন্ত্রী
- মাদক ব্যবসায়ী
