ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নিহত ১

কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নিহত ১
×

নিহত নাঈম মোল্লা (১৭)

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৮:১১ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ১৮:৩৮

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষে নাঈম মোল্লা (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার রাতে আমবাগিচা এলাকার ডিপজলের গলিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত অবস্থায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য রবিন আহমেদ ও তাজ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত রবিন আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর অভিযুক্ত তাজ হোসেন (১৯) দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

নিহত নাঈমের বাবা মো. মজিদ মোল্লা বলেন, আমাদের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামে। আমার ছেলে আলম মার্কেটের জোড়া ব্রিজের কাছে একটি প্যান্টের দোকানে ৫-৬ মাস ধরে কাজ করত। কাজ শেষে নাঈম আমবাগিচা ডিপজলের গালিতে গেলে কিশোর গ্যাংয়ের প্রধান তাজ আহমেদ ও রবিন হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তাজের হাতে থাকা ধারালো দেশি চাকু দিয়ে নাঈমের বুকে ও পেটে একাধিক আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল জানান, কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষের সময় নাঈম ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আক্তার হোসেন বলেন, আমবাগিচার ডিপজলের গলিতে প্রায়ই এ ধরনের সহিংস ঘটনা ঘটে। তার অভিযোগ, এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হয় এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা এর সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে এলাকার খেলার মাঠ অচল থাকায় সেখানে মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনা বেড়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে, কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরটি পাঁচদোনা এলাকায় মো. সালাউদ্দিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, একদল সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে চোখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাকিল হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অপর অভিযুক্ত শুভ মিয়া (২৬), রাজু আহমেদ (২৫) ও বাদশা মিয়া (২২) পলাতক রয়েছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, সালাউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×