ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

আল মদিনা ক্লিনিক

ক্লিনিকে টনসিল অপারেশন করাতে গিয়ে শিশুর মৃত্যু

ক্লিনিকে টনসিল অপারেশন করাতে গিয়ে শিশুর মৃত্যু
×

 মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

টনসিলের অপারেশন করার প্রস্তুতিকালে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, অ্যানেসথেশিয়া ইনজেকশন দেওয়ার পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে অন্য হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গত শুক্রবার রাতে ধনবাড়ী পৌর শহরের আল মদিনা নামে একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। তবে সংশ্লিষ্ট চিকিৎসক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, শিশুটিকে অ্যানেসথেশিয়া দেওয়া হয়নি।

ভুক্তভোগী চাঁদনী (৯) ধনবাড়ী উপজেলার মুশুদ্ধি ইউনিয়নের সয়া গ্রামের আপনের মেয়ে। স্বজনরা জানান, ১৩ হাজার টাকার চুক্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক ডা. ছাইদুর রহমানের মাধ্যমে চাঁদনীর টনসিল অপারেশন করার কথা ছিল। অপারেশনের প্রস্তুতিকালে শিশুটিকে অজ্ঞান করার ইনজেকশন দেন অ্যানেসথেশিয়ার দায়িত্বে থাকা চিকিৎসক মেহরাব হাসান। কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়লে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতাল থেকে মাত্র কয়েক গজ দূরে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসক মেহরাব হাসান বলেন, শিশুটিকে কোনো অ্যানেসথেশিয়া দেওয়া হয়নি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশনের প্রস্তুতির সময় ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুটি।

আল-মদিনা ক্লিনিকের মালিক পক্ষের একজন ডা. হাফিজুর রহমান। ঘটনা জানতে চাইলে তিনি বলেন, অপারেশনের দায়িত্বে ছিলেন নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক ডা. ছাইদুর রহমান।
ঘটনাটি নিয়ে রাতভর সমঝোতার বৈঠক হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, নিহত শিশুর পরিবারসহ বিভিন্ন পক্ষকে নিয়ে অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। কয়েকটি সূত্র দাবি করেছে, সাত লাখ টাকার বিনিময়ে নিহত শিশুর পরিবারের সঙ্গে সমঝোতা করা হয়েছে। তবে হাসপাতাল মালিক পক্ষের রাশেদুজ্জামান মন্টু থানা পুলিশের মাধ্যমে পাঁচ লাখ টাকায় মীমাংসার কথা স্বীকার করেছেন। এ ছাড়া আরও কিছু মাধ্যমকেও ম্যানেজ করার ইঙ্গিত তাঁর কথায় বেরিয়ে আসে।
ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, শিশু মৃত্যুর খবর জানতে পেরেছেন তিনি। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন

×