ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

৭৩ বছরের গৌরব পেরিয়ে ৭৪-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়

৭৩ বছরের গৌরব পেরিয়ে ৭৪-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়
×

ছবি: সমকাল

রাবি সংবাদদাতা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৩:৪০ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১৮:২৭

দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৭৩ বছর পূর্ণ করে ৭৪ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

১৯৫৩ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরুতে ৭টি বিভাগ, ১৬১ জন শিক্ষার্থী এবং ৫ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণায় নিয়োজিত রয়েছেন ১ হাজার ১৩০ জন শিক্ষক। এছাড়া কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ২ হাজার ২৭৯ জন।

শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে ১১টি ছাত্র হল, ৬টি ছাত্রী হল এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক ডরমিটরি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৭৭৬ জন শিক্ষার্থী উচ্চতর গবেষণায় যুক্ত রয়েছেন। পাশাপাশি দুটি আবাসিক হল ও একটি একাডেমিক ভবনের নির্মাণকাজ চলছে।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ইতিহাসের অংশ। ১৯৫২-র ভাষা আন্দোলন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি জাতীয় সংকটে অগ্রণী ভূমিকা রেখেছেন। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহা পাকিস্তানি মিলিটারির বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়ে এ দেশের ইতিহাসে প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে আত্মাহুতি দেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও কর্মচারীসহ বহু প্রাণ বিসর্জিত হয়েছে। শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে ক্যাম্পাসে গড়ে উঠেছে ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্য, শহীদ স্মৃতি সংগ্রহশালা এবং শহীদ মিনার।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে। দিবসের শুরুতে সকাল ১০টা ৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১০টায় বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বৃক্ষরোপণ করা হয়েছে এবং সাড়ে ১১টা থেকে সিনেট ভবনে একটি আলোচনা সভা শুরু হয়েছে।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম ও অধ্যাপক মামুনুর রশীদসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, গবেষণাকে আরও সহজ, আধুনিক ও কার্যকর করতে থিসিস পর্যায় থেকেই শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করাই তাদের লক্ষ্য।

আরও পড়ুন

×