রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-ছেলেকে গলা কেটে হত্যা, পালালেন বাবা
ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১১:০৫ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ১১:২৪
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী ও পাঁচ বছর বয়সী ছেলেকে গলা কেটে হত্যা করেছেন বাবা। এ ঘটনায় তার বড় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত এহেতাসামুল হক পালিয়ে গেছেন।
নিহতরা হলেন এহেতাসামুল হকের স্ত্রী শহীদ নুর সুফিয়া (৩০) এবং ছেলে মোহাম্মদ শামীম (৫)। আহত বড় ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পীকে (১৪) স্থানীয়দের সহায়তায় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোহিঙ্গা নেতা (মাঝি) মোহাম্মদ হুসাইন জানান, পারিবারিক কলহের একপর্যায়ে এহেতাসামুল হক ধারালো দা দিয়ে স্ত্রী ও দুই ছেলের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই সুফিয়া ও শামীম মারা যান। গুরুতর আহত বাপ্পী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।