চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় শফিকুর রহমান
তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চায় জনগণ
ডা. শফিকুর রহমান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৮:৩৭
| প্রিন্ট সংস্করণ
কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত, বন্যা, জলাবদ্ধতা ও পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম। প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানান তিনি।
শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জামায়াত আমির সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সরকারও এ বিষয়ে অঙ্গীকার করেছে। এখন সেই অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চায় জনগণ।’
শফিকুর রহমান বলেন, ‘চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তবে তিস্তার উজানে বাঁধের গেট খুলে দেওয়া হলে রংপুর বিভাগের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’
চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রাম হচ্ছে দেশের বাণিজ্যিক রাজধানী। অথচ এখানে সামান্য বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতা, নালা-নর্দমা উপচে পড়া এবং নানা দুর্ভোগ সৃষ্টি হয়। এসব সমস্যার স্থায়ী সমাধান সরকারের দায়িত্ব হলেও বিরোধী দল হিসেবে জনগণের দাবি সরকারের কাছে তুলে ধরাও আমাদের দায়িত্ব।’
চট্টগ্রাম নগরী হয়ে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলায় যান জামায়াত আমির। বিভিন্ন এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত মানুষের পরিস্থিতি দেখে কীভাবে আরও কার্যকরভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।
বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, সাতকানিয়ার সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, বাঁশখালীর সংসদ সদস্য জহিরুল ইসলাম, ডাকসুর জিএস এস এম ফরহাদ প্রমুখ।
‘যে সরকার খোঁজ নেয় না, সেটা সরকারই না’
সাতকানিয়া প্রতিনিধি জানান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গতকাল বেলা সাড়ে ১১টায় সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে প্যাকেটজাত শুকনো খাবার বিতরণ করেন এবং সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় শফিকুর রহমান বলেন, সরকার কার জন্য? সরকার তো মানুষের জন্য। মানুষের ডাকে ও বিপদে যে সরকার সাড়া দেয়, সেটি ভালো সরকার। আর যে সরকার মানুষের খোঁজখবর নেওয়ার সময় পায় না, সেটা কোনো সরকারই না।
- বিষয় :
- জামায়াতের আমির
- ডা. শফিকুর রহমান