ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ 

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ 
×

নিহত আরিফ শেখ

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১০:১৫ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১০:২০

বগুড়ার লতিফপুর কলোনি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ কলোনি এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তার ঘনিষ্ঠ কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে তারা পালিয়ে যায়। পরে রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বোন রুমি বেগম অভিযোগ করে বলেন, আমাদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পেত। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে সেলিম, জীবন, নাহিদসহ আরও কয়েকজনকে দিয়ে বাদল আমার ভাইকে হত্যা করিয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন

×