যন্ত্র দিয়ে গ্রিল কেটে ঢুকে প্রবাসীর বাড়িতে লুটপাট
ফটিকছড়ির ছাদেকনগরে গতকাল বুধবার ভোরে হামলায় অংশ নেওয়া কয়েকজন সমকাল
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৮:২০ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের ফটিকছড়িতে যন্ত্র দিয়ে গ্রিল কেটে এক প্রবাসীর বাড়িতে ঢুকে লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার ভোরে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘরে অবরুদ্ধ দুই নারীকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম কাজীর বাড়ির মুহাম্মদ রিদুয়ান সংযুক্ত আরব আমিরাতে থাকেন। গত মঙ্গলবার রাতে বাড়িতে ছিলেন তাঁর মা রেনু আকতার ও স্ত্রী নীলা আক্তার। গতকাল বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে ৪০-৫০ জন সশস্ত্র সন্ত্রাসী রিদুয়ানের বাড়িতে হামলা চালায়। তাদের অধিকাংশই হেলমেট পরা ছিলেন। তবে কয়েকজনের মুখ খোলা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলা চালানোর আগে সন্ত্রাসীরা প্রতিবেশীদের ঘরের বাইরে তালা দেয়। পরে গ্রাইন্ডার মেশিন দিয়ে তারা রিদুয়ানের ঘরের দরজা ও জানালা কেটে ভেতরে ঢুকে পড়ে। এ সময় ঘরে থাকা রেনু আকতার ও নীলা আক্তার তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দেখিয়ে মোবাইল ফোন কেড়ে নেয়। একপর্যায়ে কৌশলে দুজন একটি কক্ষে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করেন। সেখান থেকেই তারা ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান।
প্রতিবেশীদের বাড়ির বাইরে থেকে তালা দেওয়ায় এ সময় কেউ ভুক্তভোগী দুই নারীর সহায়তায় এগিয়ে আসতে পারেননি। রেনু আকতার বলেন, ‘সন্ত্রাসীরা এসেই আমাদের মোবাইল কেড়ে নেয়। তারা আশপাশের সব ঘরে তালা মেরে আমাদের অবরুদ্ধ করে ফেলে। তারা আমাদের ছুরি দিয়ে আঘাত করতে আসায় আমরা পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিই। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করেছে। তারা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও দামি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ঘরের ইটের দেয়ালের দুই পাশও ভেঙে ফেলেছে।’
পারিবারিক সূত্র জানায়, প্রতিবেশী আরেক প্রবাসীর সঙ্গে জমি নিয়ে রিদুয়ানের পরিবারের বিরোধ রয়েছে। এর জের ধরে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন তারা। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। প্রতিবেশীরা প্রকাশ্যে এমন হামলা ও লুটপাটের ঘটনায় নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ভোররাতে ৯৯৯ থেকে তথ্য পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ নারীদের উদ্ধার করে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে পরিবারটির দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে থানায় দেওয়ানি মামলাও হয়েছিল। মূলত এর জের ধরে বুধবার ভোরে এক পক্ষ ওই বাড়িতে হামলা চালায়। এ বিষয়ে রিদুয়ানের মা রেনু আক্তার বাদী হয়ে মামলা করেছেন। সম্ভাব্য সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।