ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

ময়মনসিংহে কারখানার পানির ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহে কারখানার পানির ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
×

ময়মনসিংহের ভালুকায় পানির ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৬:২৮ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১৭:১০

ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট সিরামিকস কারখানার পানি শোধনাগারের ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সিডস্টোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খুলনা জেলার শফিকুল ইসলাম (৩০) এবং নেত্রকোনা জেলার রুমেল (২৫)। তারা দুজনই দৈনিক চুক্তিভিত্তিক বহিরাগত শ্রমিক হিসেবে কারখানাটিতে কাজ করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী বরাতে জানা যায়, শনিবার সকালে কারখানার পানি শোধনাগারের ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করেন দুই শ্রমিক। প্রথমে শফিকুল ইসলাম ট্যাংকের ভেতরে নামেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধার করতে রুমেলও ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। পরে দুজনকে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

কারখানার অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুরে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি বলেন, নিহতরা কারখানার স্থায়ী শ্রমিক ছিলেন না, তারা দৈনিক চুক্তিভিত্তিক কাজ করতে এসেছিলেন। বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশরাফুল করিম জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×