পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এসএমপি কার্যালয়ে ছাত্রদল
সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে গতকাল শনিবার ছাত্রদলের অবস্থান সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ০৮:২১
| প্রিন্ট সংস্করণ
সিলেটে ছাত্রলীগের গোপন মিছিল ও রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে না বলে অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
জেলা ও মহানগর ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কমিশনার কার্যালয়ের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রলীগের কর্মীরা শহরের বিভিন্ন স্থানে আকস্মিক ঝটিকা মিছিল করছে এবং সামাজিক মাধ্যমেও সক্রিয় রয়েছে। প্রশাসনের একাংশের নীরব সমর্থন ও গাফিলতির কারণেই সংগঠনটি ফের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে। তারা আরও বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে সিলেটে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর যারা নির্যাতন চালিয়েছিল, তাদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে। অবিলম্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওইসব চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
গত শুক্রবার ভোরে নগরীর টিভিগেট এলাকায় একটি ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। এর আগেও নগরীর নবাবরোড ও কাজিটুলাসহ কয়েকটি এলাকায় দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। দিন দিন নিষিদ্ধ এই সংগঠনটির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ছাত্রদল।
অবস্থান কর্মসূচি শেষে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হকের সঙ্গে বৈঠক করে তাদের দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ জুবের, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও ছাত্রদল নেতা রুবেল আহমদ।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ছাত্রদলের পক্ষ থেকে পুলিশের নিষ্ক্রিয়তার যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়।
- বিষয় :
- পুলিশ