দেশে সারের কোনো সংকট নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী
কৃষি ঋণ মওকুফের সনদ বিতরণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৪:৪৪ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৬:৪৪
দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বিগত সরকারের মতো কেউ কারসাজি করার চেষ্টা করলে সে যে দলেরই হোক, তাকে আইনের হাতে তুলে দিতে জেলা প্রশাসনের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি ঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সার নিয়ে কোনোো কারসাজি হচ্ছে কি না, বিষয়টি খতিয়ে দেখুন। কৃষিই আমাদের অর্থনীতির ভিত্তি। কৃষকদের কোনোো ধরনের ভোগান্তি মেনে নেওয়া হবে না। তিনি জেলা প্রশাসনের উদ্দেশে বলেন, সারের বাজারে কেউ অনিয়ম করলে তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এ ঋণ মওকুফে কোনোো দলীয় বিবেচনা করা হয়নি। অনেক কৃষক দীর্ঘদিন ঋণের কারণে হয়রানি ও মামলার শিকার হয়েছেন। এ উদ্যোগের মাধ্যমে তারা ঋণের বোঝা থেকে মুক্তি পেলেন।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, কৃষির উন্নয়নে অতীতেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তবে বিগত সরকারগুলো কৃষকের স্বার্থের পরিবর্তে নিজেদের স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষকদের হাতে ঋণ মওকুফের সনদ তুলে দেন। একই সঙ্গে প্রত্যেক কৃষককে পাঁচটি করে গাছের চারা দেওয়া হয়।
উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষক এ কর্মসূচির আওতায় ঋণ মওকুফের সনদ পেয়েছেন। জেলায় মোট ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।