ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

কালভার্ট-ব্রিজের মুখ বন্ধ, ডুবেছে নিচু এলাকা

কালভার্ট-ব্রিজের মুখ বন্ধ, ডুবেছে নিচু এলাকা
×

ছবি- সমকাল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৮:১০ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ১৮:১১

পানি নিষ্কাশনের কালভার্ট ও ব্রিজের মুখ বন্ধ করে বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজজেলার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে রাস্তা-ঘাট, খাল-বিল, পুকুর-ডোবা, খেলার মাঠ ও নিচু এলাকার বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। তিস্তা চরাঞ্চলের হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

মঙ্গলবার থেকে টানা ভারী বৃষ্টিতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিচু এলাকার সড়ক, মাঠ ও জনপদ প্লাবিত হয়েছে। বিশেষ করে গ্রামীণ কাঁচা সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের তিস্তা চরাঞ্চল পানিতে ডুবে যাওয়ায় হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন।

শান্তিরাম ইউনিয়নের সমাজসেবক মো. ছামিউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কাঁচা সড়কে মাটি না দেওয়ায় সেগুলো নিচু হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে। শান্তিরামের ফোরকানিয়া-ক্ষুদিরাম এবং ভাটিয়াপাড়া মোড়-ঝিনিয়া সড়কে হাঁটুসমান পানি জমে থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।

চণ্ডীপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সফিকুল ইসলাম রাজা বলেন, কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে দেড় শতাধিক কালভার্ট ও ব্রিজের মুখ বন্ধ হয়ে থাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার নিয়েছে।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম বলেন, ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, এটি বন্যা নয়, টানা বৃষ্টির কারণে পানি বেড়েছে এবং নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি পরিবারের তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি বলেন, ভারী বর্ষণের পাশাপাশি পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে রাখার কারণেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সচেতনতা ও আন্তরিকতা প্রয়োজন।

আরও পড়ুন

×