ঢাকা রোববার, ২৬ জুলাই ২০২৬

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ তরুণের

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ তরুণের
×

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ০০:৩৪ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ | ০০:৩৯

গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দিয়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।

বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, অচিন্ত্য ও উজ্জ্বল একটি মোটরসাইকেলে করে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে টেকেরহাটের দিকে যাওয়া অপর একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অচিন্ত্য নিহত হন। উজ্জ্বল ও অপর মোটরসাইকেলে থাকা ফয়সাল গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত উজ্জ্বলকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এসআই শামীম আল মামুন আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×