পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটি, ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ০৪:৩৮
রাজশাহীর বাঘায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ঘুষির আঘাতে ঝন্টু (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাজু বাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ঝন্টু ওই গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে। অভিযুক্ত কালাম একই গ্রামের এরশাদ আলী প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি বন্ধক বাবদ পাওনা টাকা নিয়ে ঝন্টু ও কালামের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে কিল-ঘুষি শুরু হয়। এ সময় কালামের ঘুষির আঘাতে ঝন্টু ছিটকে গিয়ে বাড়ির দেয়ালে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় শিক্ষক আলা উদ্দিন বলেন, ঝন্টু আগে থেকেই অসুস্থ ছিলেন। শারীরিক কারণে তিনি চাপ সইতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা জানানো হয়েছে। তবে শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কালাম আত্মগোপনে রয়েছেন।
বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।