ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বাড়ি ফেরার পথে নিখোঁজ, পরদিন কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

বাড়ি ফেরার পথে নিখোঁজ, পরদিন কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৫:৪৬

ঢাকার কেরানীগঞ্জে তানজিলা আক্তার (১৭) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কালিন্দী ইউনিয়নের একটি হাউজিং প্রকল্পের ভেতরের বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তানজিলা দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাঘৈর এলাকার বাসিন্দা। তিনি মৃত হাবিব মিয়ার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই দিন আগে তানজিলা কালিন্দী এলাকায় তার খালার বাসায় বেড়াতে যান। সোমবার বিকেলে নিজ বাড়িতে ফেরার কথা বলে তিনি বাসা থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর যোগাযোগ হয়নি।

মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন হাউজিং প্রকল্পের ভেতরে বালুর মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কালিন্দী এলাকার বাসিন্দা শহিদুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, কীভাবে তানজিলার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

×