পরিত্যক্ত কূপে পড়ে তরুণের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ০২:৪১ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ | ০২:৪১
সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত কূপ থেকে ১৮ বছর বয়সী এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার সকালে আশুলিয়ার চারাবাগ উত্তরপাড়া এলাকার একটি কূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মেহেদী হাসান। তার গ্রামের বাড়ী বরিশালের মুলাদি থানা এলাকায়। তিনি আশুলিয়ার চারাবাগ এলাকার জয়নাল আবেদিন নামের এক ব্যক্তির জমির কেয়ারটেকার ছিলেন।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী ছানাউল্লাহ জানান, গতকাল সকালে মেহেদী ও তার চাচতো ভাই ইউসুফ আলী গরুর ঘাস কাটা শেষে বাড়ীর সীমানা প্রাচীর থেকে লাফ দিলে মেহেদী ওই পরিত্যক্ত কুয়ায় পড়ে যান। পরে ঘটনাটি মেহেদীর খালাতো ভাই মাসুদকে জানালে তিনি জিরাব ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিস জানায়, মেহেদী হাসান নামের ওই তরুণ সকালে একটি পরিত্যক্ত কুয়ার ভেতর পড়ে যান। পরে স্থানীয়রা খবর দিলে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে চারাবাগ এলাকায় অবস্থিত রাজু হাসপাতালে পাঠান। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে আমাদের একটি ইউনিট গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। পরিত্যক্ত কূপ থেকে মেহেদী হাসানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পরিত্যক্ত কুয়ার ভেতরে বিষাক্ত গ্যাস থাকে। এ কারণে প্রায় দুই ঘণ্টা আটকে থাকায় তার শ্বাসকষ্ট হয়। এ থেকে হয়ত তার মৃত্যু হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পুলিশকে না জানিয়ে ওই যুবকের মরদেহ তার স্বজনরা গ্রামের বাড়ি নিয়ে গেছে। এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।