ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘অর্থ লেনদেন-বিবাহিতদের’ কমিটিতে পদায়ন, প্রতিবাদে ছাত্রলীগের একাংশের ঝাড়ু মিছিল

ঈশ্বরগঞ্জ উপজেলা কমিটি

‘অর্থ লেনদেন-বিবাহিতদের’ কমিটিতে পদায়ন, প্রতিবাদে ছাত্রলীগের একাংশের ঝাড়ু মিছিল
×

ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ২১:৪৩ | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ | ২১:৪৪

অর্থ লেনদেন, বিবাহিত ও অছাত্রদের পদ দেওয়ার অভিযোগ তুলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কে মুখ ঢাকা অবস্থায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ঝাড়ু হাতে মিছিল করেন। পরে তারা জুতা প্রদর্শন করে বিক্ষোভ দেখান। তবে এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি।

স্থানীয় সূত্র জানায়, গত ৩০ জুলাই ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এক বছর মেয়াদি ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেন। এতে শেখ অলিউল্লাহ রাসেলকে পুনরায় সভাপতি এবং আলমগীর কবির সায়মনকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। নতুন কমিটিতে সহ-সভাপতি পদ পাওয়া ইমরান হাসান সিজান এবং বিবাহিত হওয়ায় পদ পাওয়া অর্ণব হোম চৌধুরী পদত্যাগের ঘোষণা দেন।

সহ-সভাপতি পদ থেকে পদত্যাগকারী ইমরান হাসান সিজান বলেন, ঝাড়ু মিছিলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি এ ধরনের প্রতিবাদের পদ্ধতিকে সমর্থন করেন না। তবে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করায় তৃণমূলে ক্ষোভ তৈরি হওয়াটা স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এমন ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে হত্যা ও মাদক মামলার অভিযোগ রয়েছে। আবার কেউ কেউ প্রবাসে থেকেও পদ পেয়েছেন।

সভাপতি পদপ্রত্যাশী রফিকুল ইসলাম অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর যারা আত্মগোপনে ছিলেন, অর্থের বিনিময়ে তাদের পদ দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে 'অবাঞ্ছিত' ঘোষণা করে বিতর্কিত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নেতাকর্মীদের একাংশ। তবে পুনরায় সভাপতি মনোনীত শেখ অলিউল্লাহ রাসেল সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর্থিক লেনদেনসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে জেলা ও উপজেলা ছাত্রলীগের শীর্ষ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ঝাড়ু মিছিলের বিষয়টি তার জানা নেই। বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×