মাদারীপুরে রাসায়নিক ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিক নিহত
নজরুল ইসলাম শরীফ। ছবি: সংগৃহীত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ০৮:৫৭ | আপডেট: ০৬ আগস্ট ২০২৬ | ০৮:৫৮
| প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের ডাসারে কারখানায় থাকা রাসায়নিক ড্রাম খোলার সময় বিস্ফোরণে মো. নজরুল ইসলাম শরীফ (১৪) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। সে উপজেলার পশ্চিম বনগ্রামের হানিফ শরীফের ছেলে। গতকাল বুধবার সকালে পশ্চিম পুয়ালী গ্রামের জামায়াত নেতা পান্না খন্দকারের রাইস মিলের পাশের তাঁর একটি কাঠের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নজরুল কারখানায় দিনমজুর হিসেবে কাজ করত। সকালে কারখানার একটি ড্রাম খোলার সময় সেটি বিস্ফোরিত হলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় নজরুলকে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নজরুলের বাবা হানিফ শরীফ বলেন, সংসারের হাল ধরতেই ছেলেটি কাজে নামে। সেই ছেলে হঠাৎ মারা গেল। এখন আমাদের কী হবে!
জামায়াত নেতা পান্না খন্দকার বলেন, আমার রাইস মিলের পাশে একটি কাঠের তৈজসপত্রের কারখানা আছে। সেখানে তেমন রাসায়নিক ব্যবহার করা হয় না। একটি ড্রাম খুলতে গিয়ে অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে।
- বিষয় :
- নিহত