মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে
জামায়াতের তিন নেতা
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ২২:০৬
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া তিন আসামি হলেন—ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শিক্ষক ফেডারেশনের সভাপতি ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত বিচার আইনের মামলায় হাজিরা দিতে এলে আদালত তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়ার কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলায় স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৬) কামরুল হাসান মিলনের ভাইসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় সংসদ সদস্যের ভাইসহ কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এদিকে মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের মামলায় উপজেলা জামায়াতের শীর্ষ তিন নেতাকে কারাগারে পাঠানোর ঘটনায় ফুলবাড়িয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।
- বিষয় :
- ময়মনসিংহ
- জামায়াত নেতা
- কারাগার
- আদালত