বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খালে পড়ল সেতু
রাজাপুরে বাল্কহেডের ধাক্কায় ধসে যাওয়া ঝালোবাড়ি খালের সেতুটি। গতকাল সোমবার উপজেলা পুটিয়াখালী এলাকায় সমকাল
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৮:২২
| প্রিন্ট সংস্করণ
ঝালকাঠির রাজাপুরে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ধসে পড়েছে একটি সেতু। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পুটিয়াখালী এলাকার ঝালোবাড়ি খালের সেতুটি ভেঙে পড়ে। এতে জেলার রাজাপুর, কাঁঠালিয়া ও ভান্ডারিয়া উপজেলার বড় অংশের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন সড়কটি ব্যবহারকারী হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুটিয়াখালী এলাকার ঝালোবাড়ি খালের ওপর দীর্ঘদিন আগে সেতুটি নির্মাণ করা হয়। এখান দিয়ে প্রতিদিন রাজাপুর উপজেলার আরুয়া, সোনারগাঁওসহ আশপাশের এলাকার মানুষের পাশাপাশি কাঁঠালিয়া ও ভান্ডারিয়া উপজেলার বড় একটি অংশের হাজার হাজার মানুষ চলাচল করেন। কয়েক বছর আগেই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বারবার দাবি জানালেও সেটি সংস্কার করা হয়নি।
গতকাল সোমবার সকাল ৯টার দিকে বালুবাহী একটি বাল্কহেড সেখান দিয়ে যাওয়ার সময় সেতুটিতে ধাক্কা খায়। কিছুক্ষণের মধ্যেই সেতুটি মাঝখানে ভেঙে যায়। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকল্প পথে চলাচল করতে গিয়ে জনসাধারণের সময় ও খরচ দুটোই বেড়েছে।
পুটিয়াখালী এলাকার বাসিন্দা তাসলিমা বেগম, হেমায়েত, নাদিম ও আবু মিয়া গন্তব্যে যাওয়ার সময় দুর্ভোগে পড়েন। তাদের ভাষ্য, তিন উপজেলার মানুষের যাতায়াতে সড়কটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেতুটি ভেঙে যাওয়ায় তাদের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সব শ্রেণির মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত সেতু নির্মাণের দাবি তাদের।
এলাকাবাসী অভিযোগ করেন, ঝালোবাড়ি খাল দিয়ে বাল্কহেড বোঝাই করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু পরিবহন করছে একটি চক্র। ঝুঁকিপূর্ণ সেতুর কথা জানিয়ে বাধা দেওয়া হলেও তারা মানছিলেন না। এ কারণে বালুদস্যু চক্রের সদস্য ও বাল্কহেডের মালিকপক্ষকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মণ্ডল সেতু ধসের বিষয়টি জেনেছেন। তিনি বলেন, দ্রুত ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকের উদ্যোগ নেবেন। পাশাপাশি বালুবাহী বাল্কহেড পরিচালনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
- বিষয় :
- সেতু