ঈশ্বরদীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামবাসী, মিটার রিডারকে আটকে বিক্ষোভ
মিটার রিডারকে আটকে রেখে বিক্ষোভ ও স্লোগান দেন স্থানীয় গ্রামবাসী। ছবি: সমকাল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১১:৩৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ১১:৪৩
পাবনার ঈশ্বরদীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লি বিদ্যুতের এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রাহক ও এলাকাবাসী। এ সময় তারা অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরির অভিযোগও করেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অবরুদ্ধ মিটার রিডারের নাম আইনুল হোসেন। তিনি পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর দাশুড়িয়া জোনাল অফিসে মিটার রিডার হিসেবে কর্মরত।
স্থানীয় গ্রামবাসীরা জানান, কয়েক দিন ধরে চরগড়গড়ি এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্যে সমস্যা হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ভুল মিটার রিডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ। অনেক গ্রাহক প্রকৃত ব্যবহারের তুলনায় বেশি বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী গ্রাহক আকমল প্রামাণিক বলেন, লোডশেডিংয়ের কারণে আমরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছি। প্রতিদিন ১০ থেকে ১২ বার বিদ্যুৎ যায়। প্রতিবার এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকে। কখন বিদ্যুৎ আসে, কখন যায় তার কোনো ঠিক নেই। এর সঙ্গে ভুল রিডিংয়ের কারণে অতিরিক্ত বিল দিতে হচ্ছে। বিষয়টি নিয়ে পল্লি বিদ্যুৎ অফিসে বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
স্থানীয় ইউপি সদস্য রূপভান খাতুন বলেন, এলাকায় বিদ্যুৎ না থাকা অবস্থায় আইনুল হোসেন বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং নিতে যান। এ সময় ক্ষুব্ধ গ্রাহকেরা তাকে আটকে রেখে পল্লি বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। প্রায় চার ঘণ্টা পর এলাকাবাসী তাকে ছেড়ে দেন।
অবরুদ্ধ অবস্থায় মিটার রিডার আইনুল হোসেন বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। তবে এটি শুধু এই গ্রামের সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আপাতত মিটার রিডিং ও বিল লেখা বন্ধ রেখে চলে যাচ্ছি।