চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতের দোকানের পিঁয়াজু খেয়ে অসুস্থ ৯ শিক্ষার্থী
হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীরা। ছবি- সমকাল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১৭:২৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ১৭:৫১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের ৯ শিক্ষার্থী ফুটপাতের একটি দোকান থেকে পিঁয়াজু খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানান চিকিৎসক।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের টিফিন বিরতিতে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো সকালে তারা বিদ্যালয়ে আসে। টিফিনের সময় নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে ফুটপাতের একটি দোকান থেকে পিঁয়াজু কিনে খায়। এর কিছুক্ষণ পর তাদের কারও মাথাব্যথা, কারও মাথা ঘোরা এবং কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে।
মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফাইফুল করিম জানান, টিফিনের সময় সপ্তম শ্রেণির ৮-১০ জন শিক্ষার্থী বাইরে থেকে পিয়াজু কিনে খায়। খাওয়ার প্রায় আধা ঘণ্টা পর কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। গুরুতর অসুস্থ সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রহমতুল্লাহ বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তারা বিপদমুক্ত। তবে সতর্কতার জন্য তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের বাইরের খাবার খাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। যেসব দোকান থেকে শিক্ষার্থীরা খাবার খেয়েছে, সেখানে মানসম্মত খাবার প্রস্তুত না হলে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
- বিষয় :
- অসুস্থ
- শিক্ষার্থী