ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

১৪ দিনেও জ্ঞান ফেরেনি শিক্ষক আরিফুলের

১৪ দিনেও জ্ঞান ফেরেনি শিক্ষক আরিফুলের
×

আরিফুল ইসলাম

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০৯:২৬

| প্রিন্ট সংস্করণ

লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় হামলার শিকার কলেজশিক্ষক আরিফুল ইসলামের জ্ঞান ১৪ দিনেও ফেরেনি। এ ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি রহিদুল ইসলামকে গত বুধবার রাতে ঢাকার হাতিরঝিল থানাধীন নয়াটোলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এদিকে আরিফুলের চিকিৎসার বিপুল খরচ সামলানো অসম্ভব হয়ে উঠেছে তাঁর কৃষক বাবা আবু বক্কর সিদ্দিকের পক্ষে।

আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আরিফুল ইসলাম। তিনি লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জেলাজুড়ে মাদক, জুয়া বাল্যবিবাহসহ নানা সামাজিক অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের জন্য কয়েক দশক আগে গঠন করা হয় ‘আলোকিত লালমনিরহাট’ নামের একটি সংগঠন। ২০০৫ সালে কার্যক্রম বন্ধ হয়ে গেলেও সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উদ্যোগে তা পুনরুজ্জীবিত হয়। সম্প্রতি সেই সংগঠনে সম্পৃক্ত হন শিক্ষক আরিফুল ইসলাম। এলাকায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী কার্যক্রম চালিয়ে আসছিলেন তিনি। কিছু দিন আগে গন্ধমরুয়া এলাকার চিহ্নিত জুয়াড়ি রহিদুল ইসলাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আরিফুল। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। 
গত ১ আগস্ট বিকেলে নিজ বাড়ির কাছে রহিদুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে আরিফুলের ওপর হামলা করে। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। 

সহায়তা এসেছে সামান্য
আরিফুলের স্ত্রী মাকামাম মাহমুদা সম্পা গতকাল সমকালকে বলেন, ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গত বুধবার তাঁর নম্বরে কল করে আরিফুলের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তিনি আরও জানান,  আরিফুলের চিকিৎসায় ২৫-৩০ লাখ টাকা প্রয়োজন। বিভিন্ন উৎস থেকে এ পর্যন্ত তিন লাখ টাকা সহায়তা এসেছে। চিকিৎসার জন্য তিনি সবার সাহায্য কামনা করেন।
আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব জানান, প্রধান আসামিকে নিয়ে ঢাকা থেকে রওনা হয়েছে র‍্যাব। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।
 

আরও পড়ুন

×