ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিনকক্ষে ফাটল

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিনকক্ষে ফাটল
×

বন্দরের জলসীমায় জাহাজ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১৯:৪৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ | ১৯:৪৭

চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী একটি তেল ট্যাংকারের সঙ্গে নোঙর করে থাকা আরেকটি জাহাজের (বাল্ক ক্যারিয়ার) মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তেলবাহী জাহাজটির ইঞ্জিনকক্ষের এক পাশে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়ে পানি ঢুকেছে।

সাময়িকভাবে বিদ্যুৎ-বিপর্যয়ও ঘটে জাহাজটিতে। তবে অক্ষত রয়েছে ডিজেল রাখা ট্যাংকগুলো। কোনো তেল সাগরে ছড়িয়ে পড়েনি। বন্দর চ্যানেলেও জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযানে নামে। বন্দরের টাগবোট ‘কান্ডারি-৮’ দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। একই সঙ্গে জাহাজে থাকা ডিজেল জরুরি ভিত্তিতে খালাসের ব্যবস্থা নিতে স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিংকে নির্দেশ দেওয়া হয়েছে। কাজ চলছে ফাটল মেরামত ও জাহাজ উদ্ধারেও। এ দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচল কার্ডক্রম ব্যাহত হয়নি। পরিস্থিতি বন্দরের নিয়ন্ত্রণে রয়েছে।’ 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র স্রোতের কারণে তেলবাহী জাহাজটি নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় দুপুর ১২টা ২৫ মিনিটে এমটি সি স্পাইক নামের তেলবাহী ট্যাংকারটির সঙ্গে নোঙর করে থাকা এমভি সান শাইন নামের বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষ হয়। সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে। জরুরি ব্যাটারির সাহায্যে জাহাজটির বেতার যোগাযোগব্যবস্থা সচল রাখা হয়েছে। জাহাজটিকে স্থিতিশীল রাখতে দুটি নোঙর ফেলা হয়েছে। তবে সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। পানি ঢোকেনি কোনো ট্যাংকে। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি।

আরও পড়ুন

×