ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

শেখ হাসিনা বিভিন্ন ব্যবস্থাপনার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হয়েছিলেন: প্রতিমন্ত্রী অমিত

শেখ হাসিনা বিভিন্ন ব্যবস্থাপনার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হয়েছিলেন: প্রতিমন্ত্রী অমিত
×

যশোর অফিস

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ২১:৪৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শেখ হাসিনা বিভিন্ন ব্যবস্থাপনার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হয়েছিলেন। আজকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, তাদের বৃহৎ একটি অংশ তাঁকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল।

শুক্রবার যশোর এস এম সুলতান ফাইন আর্ট কলেজে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৪তম জন্মদিন উপলক্ষে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে, তখন সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ, এরা (যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল) মুখে গণতন্ত্রের কথা বলে, অন্তরে ফ্যাসিস্টকে লালন করে। সুযোগ পেলে তারা আবারও ছোবল মারবে। 

এ সময় তিনি যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে উন্নীতকরণের ঘোষণা দিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমার প্রয়াত বাবা তরিকুল ইসলাম এই হাসপাতাল শুরু করেছিলেন। হাসপাতালটি দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে আছে। ইতোমধ্যে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণকাজ শুরু করেছি। একইসঙ্গে যশোর করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদান কার্যক্রম শুরু হয়েছে এবং অচিরেই পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। করোনারি কেয়ার ইউনিট চালুর পর যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার উদ্যোগ নেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে প্রতীকী মূল্যে এস এম সুলতান ফাইন আর্ট কলেজের জন্য জমি দেওয়ার সুযোগ থাকলে সেটি বাস্তবায়নের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। সভাপতিত্ব করেন এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবাল।

আরও পড়ুন

×