ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নারী যাত্রীকে উত্ত্যক্ত, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ

নারী যাত্রীকে উত্ত্যক্ত, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ
×

ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১৯:১৫

ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেনে এক নারী যাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে স্থানীয়দের বাগ্‌বিতণ্ডা ও হামলার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর স্টেশনে ট্রেন লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করেন বিক্ষুব্ধ স্থানীয়রা। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ যাত্রীদের মধ্যে। গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে মহেশপুর স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রুবায়েত ফেরদৌস, তাহসিন জামান ও তামান্না আফরিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জে ঘুরতে আসা কেরানীগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী ও কাশিয়ানীর মহেশপুরের কয়েকজন কিশোর-যুবক একই ট্রেনে ঢাকায় ফিরছিলেন। পথে এক নারী যাত্রীর সামনে অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

তাদের ভাষ্য, বোয়ালমারীর কয়েকজন যুবক মহেশপুরের যুবকদের ধরে নিয়ে যাওয়ার কথা বললে মহেশপুরের যুবকরা স্থানীয়দের ফোন করে স্টেশনে জড়ো হতে বলেন। রাত সোয়া ৯টার দিকে ট্রেনটি মহেশপুর স্টেশনে পৌঁছালে সেখানে জড়ো হওয়া লোকজন ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে মারধরের চেষ্টা করেন।

এ সময় পরিস্থিতি বুঝতে পেরে রেল কর্তৃপক্ষ ও যাত্রীরা ট্রেনের দরজা-জানালা বন্ধ করে দেন। বাইরে থেকে বিক্ষুব্ধ লোকজন ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকেন। এতে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই ট্রেনটি দ্রুত মহেশপুর স্টেশন ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ভাঙ্গা স্টেশন ছাড়ার আগে ট্রেনের আসনে বসাকে কেন্দ্র করে মোহাম্মদ রোহন নামের এক যাত্রীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় দুই শিশুকে রক্ষা করতে গিয়ে আরও এক যাত্রী আহত হন।

অভিযাত্রী কমিউটার ট্রেনের পরিচালক বিজয় বিশ্বাস বলেন, ‘অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আমি অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত।’ শিবচরসহ অন্যান্য স্টেশনে ট্রেনের নিরাপত্তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশাসনিক সহায়তা চেয়েছেন বলেও জানান তিনি।

পরে কেরানীগঞ্জে রেলওয়ে পুলিশ মোতায়েন করা হলে সেখানে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

×