নারীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় ট্রেনে হামলা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৭:৫৫
| প্রিন্ট সংস্করণ
নারী যাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে হামলা হয়েছে। গত রোববার রাত সোয়া ৯টার দিকে উপজেলার মহেশপুর স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজনের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। পুরো ট্রেনের সাধারণ যাত্রীদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার ঢাকার কেরানীগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী ও কাশিয়ানীর মহেশপুর এলাকার কিছু কিশোর-তরুণ গোপালগঞ্জ ঘুরতে আসেন। তারা ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেনে করে ফিরছিলেন। যাত্রাপথে এক নারী যাত্রীর সামনে অশ্লীল ভাষা ব্যবহার ও উত্ত্যক্ত করা নিয়ে কয়েকজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে যা হাতাহাতিতে রূপ নেয়। এরই মধ্যে বোয়ালমারীর কিছু তরুণ মহেশপুরের যুবকদের ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রুবায়েত ফেরদৌস, তাহসিন জামান ও তামান্না আফরিনের ভাষ্য, মহেশপুরের যুবকরা স্থানীয় লোকজনের মোবাইল ফোনে কল করে মহেশপুর স্টেশনে জড়ো হতে বলেন। রাত সোয়া ৯টার দিকে ট্রেনটি মহেশপুর স্টেশনে পৌঁছালে জড়ো হওয়া লোকজন ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে মারধরের চেষ্টা করেন। বিপদ বুঝতে পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও যাত্রীরা ভেতর থেকে ট্রেনের দরজা-জানালা বন্ধ করে দেন। কিন্তু স্টেশনে দলবদ্ধ লোকজন ট্রেন লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর ছুড়তে থাকেন। উত্তপ্ত পরিস্থিতি এড়াতে ট্রেনটি দ্রুত সময়ের মধ্যে স্টেশন ছেড়ে যায়।
এদিকে একই ট্রেন ফরিদপুরের ভাঙ্গা স্টেশন ছাড়ার আগে আসনে বসা নিয়ে কয়েকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় মোহাম্মদ রোহন নামের একজনকে মারধর করা হয়। এ ছাড়া দুই শিশুকে বাঁচাতে গিয়ে এক যাত্রী আহত হন। তাঁর নাম জানা যায়নি।
ট্রেনের পরিচালক বিজয় বিশ্বাস এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি মাদারীপুরের শিবচরসহ অন্যান্য স্টেশনে যাত্রীদের সুরক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রশাসনিক সহায়তার আহ্বান জানান। তিনি জানিয়েছেন, ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেনে এক নারী যাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে যাত্রী ও স্থানীয় লোকজনের তর্কাতর্কি হয়। এর জেরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর স্টেশনে ট্রেনের ওপর স্থানীয় জনতা এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। পুরো ট্রেনের সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কেরানীগঞ্জে রেলওয়ে পুলিশের সদস্য মোতায়েন করা হয়।
- বিষয় :
- নারী