ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
কুড়িগ্রাম ও ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৮:২২
| প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়িতে ঢুকে ২১ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী বলে জানা গেছে। গত রোববার উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। গত সোমবার ভুক্তভোগীর মামলা নথিভুক্ত করে পুলিশ।
মামলায় একই এলাকার শাহাদৎ হোসেনকে আসামি করা হয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তিনি পলাতক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বামী তালাক দেওয়ায় ওই তরুণী বাবার বাড়িতেই থাকেন। গত রোববার দুপুরে নিজের ঘরে ছিলেন তিনি। এ সময় প্রতিবেশী শাহাদৎ ফাঁকা ঘরে ঢুকে কাপড় দিয়ে মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন। চলে যাওয়ার সময় কাউকে ঘটনাটি জানালে হত্যার হুমকি দেন শাহাদৎ।
ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেন। সেদিনই স্বজনরা তাঁকে থানায় নিয়ে যান। এ সময় তিনি লিখিত অভিযোগ দেন। ঘটনার সত্যতা পেয়ে গতকাল মঙ্গলবার পুলিশ মামলা নথিভুক্ত করেছে।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন। তারা ভুক্তভোগীকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সমকালকে জানান, তারা লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২০ মাসের শিশু ধর্ষণ
এদিকে সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী শিশু ধর্ষণ মামলায় পুলিশ মরম আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় বলা হয়, গত রোববার বেলা ১১টায় মরম আলী প্রতিবেশী ২০ মাস বয়সী শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করছিলেন। শিশুটির মা তা দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় মরম আলী পালিয়ে যান। শিশুকে উদ্ধার করে মা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে।
ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় সোমবার রাতে শিশুটির বাবা মামলা করেন। মধ্যরাতে পুলিশ মরম আলীকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে গতকাল তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ধর্ষণ