নাগেশ্বরীতে বিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সমকাল
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৬:৪৮
নাগেশ্বরীতে হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীহাট শিদলিয়ার পাড় বিল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার সকাল ১০টায় ঘটনাস্থল থেকে এ মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে স্থানীয় এক জেলে শিলদিয়ার বিলে মাছ ধরতে যায়। এসময় দেখতে পায় জিন্স প্যান্ট পরিহিত খোলা গায়ে আনুমানিক ২৩-২৪ বছরের অজ্ঞাত এক যুবকের মরদেহ উপুড় হয়ে ভেসে আছে পানিতে। বিষয়টি সে আশেপাশের লোকজনকে জানালে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে স্থানীয়রা নাগেশ্বরী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া যুবকের মরদেহ পচে অনেকটা বিভৎস হয়ে গেছে। কেউ চিনছে না। মনে হয় যুবক ঐ এলাকার নয়।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের দেহে কোন আঘাতের চিহ্ন নেই। এখনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার