ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রংধনুর মতো জাতি গঠনের আশাবাদ পার্বত্য প্রতিমন্ত্রীর

রংধনুর মতো জাতি গঠনের আশাবাদ পার্বত্য প্রতিমন্ত্রীর
×

রাঙামাটি অফিস

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ২১:২৮

রংধনুর মতো সুন্দর জাতি গঠনের আশাবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার রাঙামাটিতে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের সনদ বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জেলা শহরের মাইনি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, রংধনুর প্রতিটি রং আলাদা আলাদাভাবে সুন্দর; কিন্তু যখন এই সাতটি রঙের সংমিশ্রণ হয়, তখন অপূর্ব সুন্দর রংধনু তৈরি হয়। ঠিক তেমনি পার্বত্য চট্টগ্রামে যতগুলো সম্প্রদায় বসবাস করছে, তারা যেন সবাই একত্রিত হয়ে রংধনু জাতি গঠনের পাশাপাশি সবাই মিলে এই পার্বত্যঞ্চলকে সমৃদ্ধ করবে।

শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নের মাধ্যমেই জাতি পরিপূর্ণ ও সমৃদ্ধ হয়। যে কোনো প্রশিক্ষণের মাধ্যমে এক দিকে যেমন মানবসম্পদের উন্নয়ন হয়, অন্য দিকে উদ্যেক্তাও তৈরি হয়। নতুন উদ্যেক্তা তৈরির জন্য নতুন নতুন বিষয়ে প্রশিক্ষণ দানের আহ্বান জানান তিনি। 

বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, পুলিশ সুপার মো. আব্দুর রকিব, বোর্ডের সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (বাস্তবায়ন) জাহিদ ইকবাল প্রমুখ।

অনুষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অডিও-ভিডিও এডিটিংসহ বিভিন্ন বিষয়ে তিন পার্বত্য জেলার ২০০ প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী প্রদান ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে তিনি শহরের শিশুপার্ক সংলগ্ন ওয়াচ টাওয়ার, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের মহাপ্রুম খালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মহাপ্রুম খালের ওপর নির্মিত সেতু উদ্বোধন করেন।

আরও পড়ুন

×