মন্ত্রী ড. মঈন খানকে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ০১:০১
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পরিষদের নেতৃবৃন্দ মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় তারা মন্ত্রীর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং তার নেতৃত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. মোফাচ্ছেল হোসেন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তানরুপ জাহানসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পরিষদের নেতৃবৃন্দ বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড. মঈন খানের মতো অভিজ্ঞ ও দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণ তার সুফল পাবে বলে তারা প্রত্যাশা করেন।
তারা আরও বলেন, নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে মন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের সঙ্গে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
- বিষয় :
- মন্ত্রী
- ফুলেল শুভেচ্ছা
- নরসিংদী