বরিশালের বিএম কলেজ
নতুন উপাধ্যক্ষ এখনও কাজে যোগ দিতে পারেননি
ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ২২:১১
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে উপাধ্যক্ষ পদে সোমবারও যোগদান করতে পারেননি নন-ক্যাডার শিক্ষক অধ্যাপক আবুল কালাম আজাদ। এদিকে এই নিয়োগ বাতিলের দাবিতে বরিশালের সব কলেজের বিসিএস ক্যাডার শিক্ষকরা আজ মঙ্গলবার থেকে এক ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
অধ্যাপক আবুল কালাম সোমবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনে যান। বেলা ১২টার দিকে অধ্যক্ষ কলেজে পৌঁছালে বিভিন্ন বিভাগের বিসিএস ক্যাডার শিক্ষকরাও সেখানে জড়ো হন। তবে রোববারের মতো ছাত্রদলের দুই পক্ষের কোনো নেতাকে এদিন প্রশাসনিক ভবনে দেখা যায়নি।
বেলা সাড়ে ১২টার দিকে কলেজের স্টাফ কাউন্সিল কক্ষে জরুরি সভায় বসেন বিসিএস শিক্ষকরা। সভায় অংশ নেওয়া ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম জানান, ‘কেবল বিএম কলেজ নয়, বরং যেসব কলেজে নন-ক্যাডার, ১০% কোটা এবং আত্তীকৃত শিক্ষকদের প্রশাসনিক পদে পদায়ন দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে।’ বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে অসুস্থতার কারণ উল্লেখ করে নবনিযুক্ত উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, তিনি সোমবারও যোগদান করতে পারেননি; তবে চেষ্টা করছেন। এর আগে বৃহস্পতি ও রোববার যোগদানের চেষ্টা করলে বিসিএস ক্যাডার শিক্ষকদের বাধায় ব্যর্থ হন। তিনি বিএম কলেজেরই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ছিলেন। গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় তাঁকে উপাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে। একজন নন-ক্যাডার শিক্ষককে এ পদে মানতে রাজি নন বিসিএস ক্যাডার শিক্ষকরা।
এর আগে ২২ জুলাই নগরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নন-ক্যাডার মেহবুবা আলম ও সরকারি মহিলা কলেজে নন-ক্যাডার আব্দুস সালাম হাওলাদারকে উপাধ্যক্ষ করায় ক্যাডার শিক্ষকরা ক্ষুদ্ধ হন। বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. তাজুল ইসলাম জানান, ‘উপাধ্যক্ষ পদে পদায়ন হলেও অধাপক আবুল কালাম আজাদের যোগদান সোমবারও সম্পন্ন হয়নি।’
- বিষয় :
- বরিশাল