হাওরে ঘুরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ শিশু, ৫ দিন পর মরদেহ উদ্ধার
বাবার কোলে শিশু ওয়ালিদ। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১২:৩২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ | ১২:৪৬
কিশোরগঞ্জের নিকলী হাওরে মা-বাবার সঙ্গে বেড়াতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়া পাঁচ বছরের শিশু ওয়ালিদের মরদেহ পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে নিকলীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে স্বজনেরা থানায় গিয়ে লাশ নিয়ে গেছেন বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার এএসআই সোহেল মিয়া।
ওয়ালিদের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রামে। গত শুক্রবার মা-বাবার সঙ্গে নিকলীর হাওরে বেড়াতে গিয়ে সে পানিতে পড়ে নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিসের সাব অফিসার সাইফুল ইসলাম জানান, মনোহরদীর চরমান্দালিয়া গ্রাম থেকে ১০ জন নারী-পুরুষ পর্যটক শুক্রবার নিকলীর হাওরে বেড়াতে যান। তারা একটি ইঞ্জিনচালিত নৌকায় করে দ্বীপের মতো ছাতিরচর এলাকায় যাচ্ছিলেন। পর্যটকেরা সবাই নৌকার ছাদে বসে ছিলেন।
ছাতিরচর করস বাগানের পাশে একপর্যায়ে নৌকার ছাদের রেলিং ভেঙে কয়েকজন পানিতে পড়ে যান। এ সময় পর্যটক এনজিও কর্মী উজ্জল হকের পাঁচ বছরের ছেলে ওয়ালিদও পানিতে পড়ে নিখোঁজ হয়।
ওয়ালিদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুই দিন অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে ছাতিরচর এলাকায় পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
উজ্জল হক জানান, তার দুই ছেলের মধ্যে ওয়ালিদ ছিল বড়। ছোট ছেলে ওয়াসিফের বয়স ১৮ মাস। তাকেও নিকলীতে বেড়াতে নিয়ে গিয়েছিলেন তিনি।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- নিকলী
- মরদেহ উদ্ধার