ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শ্রমিকনেতাকে গ্রেপ্তারের জেরে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

শ্রমিকনেতাকে গ্রেপ্তারের জেরে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
×

বাসে বিক্ষুব্ধ শ্রমিকদের দেওয়া আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা। বৃহস্পতিবার দিনাজপুরের কোতোয়ালি থানার সামনে থেকে তোলা সমকাল

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৯:০৩

| প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দুটি বাস এবং একজন সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। 
আহতদের মধ্যে পলাশ ইসলাম (৪০) নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত মফিজুল ইসলাম (৪৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত পলাশ শ্রমিকনেতা শেখ বাদশার শ্যালক বলে জানা গেছে।

বুধবার রাত ৯টায় জেলা সদরের রাজরামপুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ শ্রমিকনেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে। শেখ বাদশা দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সাবেক নেতা। খবর পেয়ে তাঁকে থানা থেকে ছাড়াতে শ্রমিকরা বেশ কয়েকবার থানায় গেলেও কোনো সমাধান হয়নি। এর জেরে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দিনাজপুর শহর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। জেলা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ নাগরিকসহ অন্যদের।
সকাল পৌনে ১১টার দিকে কোতোয়ালি থানার ভেতরে শ্রমিকদের পক্ষে এবং বিপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পাঁচ থেকে সাতজন শ্রমিক আহত হযন। বেলা সোয়া ৩টার দিকে কোতোয়ালি থানার সামনে আবারও দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দুটি বাস এবং একজন সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও থানার সামনে থাকা বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়। পরে গ্রেপ্তার হওয়া শ্রমিকনেতা শেখ বাদশাকে আদালতে নেয় পুলিশ। 

পুলিশ জানিয়েছে, শ্রমিকনেতা শেখ বাদশার বিরুদ্ধে আগের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে শেখ বাদশার সমর্থকদের অভিযোগ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বাদশাকে অংশগ্রহণে বাধা দিতেই প্রতিপক্ষের প্ররোচনায় তাঁকে ভুয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাদশার স্ত্রী সাবিনা ইয়াসমিন দাবি করেন, তাঁর স্বামী বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তাঁর বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি গ্রেপ্তারের পর জানতে পেরেছেন তিনি।
আন্দোলনে আসা শ্রমিক রবিউল ইসলাম জানান, কিছু দুষ্কৃতকারী চক্র এবং একটি অন্ধ মহল শেখ বাদশাকে মামলায় জড়িয়েছে। তিনি যাতে ভোট না করতে পারেন এজন্য বিরোধী দল তাঁকে পুলিশ দিয়ে গতকাল গ্রেপ্তার করিয়েছে। এটি কোনোভাবেই সাধারণ শ্রমিক মেনে নেবে না। 
শ্রমিক ফিরোজ বলেন, ‘যে কোনো মানুষের বিরুদ্ধে মামলা থাকতে পারে, কিন্তু এতদিন পুলিশ কী করল। মনোনয়নপত্র নেওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হলো কেন?’
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, মূলত দুই গ্রুপের মতবিরোধ নিয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় কেউ অভিযোগ দিলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘শেখ বাদশার নামে থানায় মামলা আছে। তিনি এজাহারভুক্ত আসামি।’ 
শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিতচলমান পরিস্থিতি বিবেচনায় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে। 
মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার মনোনয়নপত্র বিতরণের দিন ধার্য ছিল। পরে সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র বিতরণের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×