ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণে অন্তঃসত্ত্বা মামলায় অভিযোগপত্র দাখিল

ধর্ষণে অন্তঃসত্ত্বা মামলায় অভিযোগপত্র দাখিল
×

 নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৯:৪২

| প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার মদনে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এতে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহদী সাগর ও তাঁর ভাই মামুন মিয়াকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক আক্তারুজ্জামান।
শিশুটির পরিবার ও মামলার নথি থেকে জানা গেছে, চার বছর আগে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহদী এলাকায় একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসার এক কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গত ১৮ এপ্রিল একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। এরপর পরিবারের কাছে শিশুটি সবকিছু খুলে বলে। এই ঘটনার বিচার চাইতে শিশুটির মা মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহদী সাগরের বাড়ি গেলে তাঁর বড় ভাই মামুন মিয়া গালমন্দ ও মারধর করে তাড়িয়ে দেন। পরে ২৩ এপ্রিল শিশুটির মা থানায় মামলা করেন। গত ৬ মে ময়মনসিংহ থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। আদালত অভিযুক্ত শিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলে ১৭ মে নমুনা সংগ্রহ করা হয়।
নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে গত ১২ মে আদালতের নির্দেশে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই একটি কন্যা সন্তান জন্ম দেয় মেয়েটি। মামলার তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা শিক্ষক ও তাঁর বড় ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নেত্রকোনার সরকারি কৌঁসুলি নূরুল কবীরের ভাষ্য, আমলি আদালতে অভিযোগপত্রটি জমা দিয়েছে পুলিশ। সেখান থেকে মামলাটি নারী ও শিশু সুরক্ষা আদালতে চলে যাবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন হবে বলে আশা তাঁর।

আরও পড়ুন

×